ঝিনাইদহে বেগুনখেতে মাদক কারবারির গাঁজা চাষ, আটক ১

ঝিনাইদহে বেগুনখেতে মাদক কারবারির গাঁজা চাষ, আটক ১

ছবিঃ সংগৃহীত।

ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে একটি বেগুনখেত থেকে ৭ টি বড় গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। গাঁজা চাষের অভিযোগে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ফারুক মন্ডল (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আটক ফারুক চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মন্ডলের ছেলে। উদ্ধার করা ৭ টি গাছের উচ্চতা প্রায় ৭ ফুট এবং এগুলোর ওজন ৫ কেজি ৩০০ গ্রাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২টার দিকে সদর উপজেলার চণ্ডীপুর দাখিল মাদ্রাসার পাশে একটি জমিতে অভিযান চালায় বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের একটি দল। ওফাজ্জেল মন্ডলের ওই বেগুনখেতে তল্লাশি চালিয়ে ৭ টি বড় গাঁজার গাছ পাওয়া যায়। পুলিশ জানায়, বেগুনের আড়ালে ফারুক গত ৫  মাস ধরে এসব গাঁজা চাষ করছিলেন। জব্দ করা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, লোকচক্ষুর আড়ালে বেগুনখেতে মাদক চাষ করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাছগুলো উদ্ধার ও অভিযুক্তকে আটক করে। ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।