জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ফাইল ছবি

জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

​মঙ্গলবার (৭ জুলাই) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের এনামুল হকের ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) পশ্চিম বীরনগর গ্রামের সাগর সিং এর স্ত্রী অঞ্জনা রানী (২৫)।

আহতরা হলেন— পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের কুমার সিং এর স্ত্রী বাসন্তী রানী (৪৫) নীরাকান্ত সিং এর স্ত্রী শেফালী রানী (৪৫) জতিন সিং এর কেশোমনি (৪০) নিখিল সিং এর শান্তনা রানী (২৩)।  

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাঁচবিবির বীরনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জয়পুরহাট শহরের দিকে আসছিল। পথে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক তৌহিদ ও এক নারী যাত্রী নিহত হন।

এ সময় অটোরিকশায় থাকা আরও যাত্রীরা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটকে করে।

​জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

একই সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।