পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের ৪ বছরের সর্বোচ্চ লেনদেন

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের ৪ বছরের সর্বোচ্চ লেনদেন

ছবি: সংগৃহীত

দেশের পুঁজিবাজারে ২০২৫-২৬ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি লেনদেন হওয়ায় বিদেশি শেয়ার লেনদেন চার বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীদের মোট শেয়ার কেনাবেচার পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৩ কোটি ৯ লাখ টাকা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৯৪৩ কোটি টাকা। অর্থাৎ এক বছরে বিদেশি লেনদেন প্রায় এক হাজার কোটি টাকা বেড়েছে। এর মাধ্যমে ২০২১-২২ অর্থবছরের পর বিদেশি লেনদেন সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

তবে লেনদেন বাড়লেও বিদেশি বিনিয়োগকারীরা বছরের অধিকাংশ সময় নিট বিক্রেতা ছিলেন। অর্থাৎ তারা যত টাকার শেয়ার কিনেছেন, তার চেয়ে বেশি মূল্যের শেয়ার বিক্রি করেছেন। এতে বাজার থেকে বিদেশি মূলধনের বহির্গমন অব্যাহত রয়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, অর্থবছরের শুরুতে রাজনৈতিক অনিশ্চয়তা বিদেশি বিনিয়োগকারীদের আচরণে বড় প্রভাব ফেলেছিল। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা এবং সামষ্টিক অর্থনীতির বিভিন্ন ঝুঁকির কারণে নির্বাচনের আগে বিদেশিদের বিক্রির চাপ বেড়ে যায়। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহও বাড়তে শুরু করেছেন।