প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের কাছে যথাসময়ে ত্রাণ পৌঁছাবে:পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের কাছে যথাসময়ে ত্রাণ পৌঁছাবে:পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

সংগৃহীত

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামের প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণসামগ্রী যথাসময়ে পৌঁছে দেয়া হবে।

গতকাল চট্টগ্রাম, হাটহাজারী ও রাঙ্গামাটির বিভিন্ন বন্যা ও পাহাড়ধস প্রবণ এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী চট্টগ্রাম, হাটহাজারী ও রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, এই সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তাঁর সরাসরি দিকনির্দেশনা পেয়ে ত্রাণ সহায়তা নিয়ে আমি প্রাকৃতিক বৈরী আবহাওয়ার শিকার অসহায় দুর্গত মানুষের মাঝে ছুটে এসেছি।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসনকে আরো আর্থিক অনুদান দেয়া হবে। পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলা পরিষদসহ সরকারের অন্যান্য সংস্থাগুলো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বাঙালি ও বিভিন্ন জাতিসত্তার মানুষসহ ১২টি জাতিগোষ্ঠীর মানুষ যেন  সমঅধিকার লাভ করে, সে লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী ঘোষিত ‘রংধনু জাতি’ গড়ার প্রত্যয়কে বাস্তবে রূপ দিতে বর্তমান সরকার সচেষ্ঠ থাকবে।

প্রতিমন্ত্রী রাঙ্গামাটি পার্বত্য জেলার সদরে অবস্থিত লোকনাথ মন্দিরস্থ আশ্রয় কেন্দ্রে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা পৌঁছে দেন। এছাড়া, রাঙ্গামাটি কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে ত্রাণ ও মানবিক সহায়তা প্রদানে সহযোগিতা করায় রাঙ্গামাটি জেলা, উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৩নং আজিমপুর ওয়ার্ড এলাকা, হাটহাজারী উপজেলার মেখলস্থ ইছাপুর এলাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলীস্থ খিল্লাপাড়া এলাকা এবং চট্টগ্রামের জালালাবাদস্থ বটতল এলাকার প্রবল বর্ষণে প্লাবিত অঞ্চলসমূহ পরিদর্শন করেন। এসময় তিনি আশ্রয়হীন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারি সহায়তা প্রদানের বার্তা পৌঁছে দেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার অন্তর্গত বাংলাবাজার ব্যাংক কলোনি পাহাড়ের ফাটলস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।