কুমিল্লা নগরীতে চলবে ১০ হাজার অটোরিকশা, অমান্য করলে শাস্তি

কুমিল্লা নগরীতে চলবে ১০ হাজার অটোরিকশা, অমান্য করলে শাস্তি

সংগৃহীত ছবি

কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণে আনতে নতুন উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। বর্তমানে নগরীতে প্রায় ৪৮হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করলেও, এখন থেকে সর্বোচ্চ ১০হাজার অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

বৃহস্পতিবার(৮ জুলাই) সিটি করপোরেশনের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পসংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, আগামী সপ্তাহ থেকে অটোরিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধিত অটোরিকশায় চীন থেকে আমদানি করা বিশেষ লাইসেন্স প্লেট সংযুক্ত করা হবে। এসব প্লেটে অন্তত আট ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য (সিকিউরিটি ফিচার) থাকবে, ফলে জালিয়াতির সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, কেউ যদি প্রতারণার মাধ্যমে ভুয়া লাইসেন্স প্লেট ব্যবহার করে অটোরিকশা চালানোর চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসক জানান, অতিরিক্ত অটোরিকশার কারণে নগরীতে যানজট ও দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বেপরোয়া গতিতে চলাচলকারী এসব অটোরিকশার কারণে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। এতে অনেকেই আহত ও পঙ্গুত্ববরণ করছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই অটোরিকশার সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো রাজনৈতিক চাপ নেই। রাজনীতি মূলত সাধারণ মানুষের কল্যাণের জন্য। পাশাপাশি নগরবাসীর হাঁটার অভ্যাসও গড়ে তোলা প্রয়োজন।

মতবিনিময় সভায় সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।