মধ্যপ্রাচ্যে যুদ্ধে ১২ বাংলাদেশি নিহত, রাশিয়ায় গিয়ে নিহত ৪ বাংলাদেশি
সংগৃহীত ছবি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। আর রাশিয়ায় গিয়ে নিহত হয়েছেন ৪ বাংলাদেশি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরীর (মনি) এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ শিশুসহ ১৮৬ জনকে দেশে ফেরত আনা হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে এ পর্যন্ত ১২ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে লেবাননে ৫ জন, সৌদি আরবে ৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ জন, ইরাক ও বাহরাইনে একজন করে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে এক জনের লাশ সংশ্লিষ্ট দেশে দাফন করা হয়েছে এবং ৯ জনের লাশ দেশে ফেরত আনা হয়েছে, তাদের পরিবারকে লাশ দাফন বাবদ বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, গত ২৪ এপ্রিল ৩০ জন বাংলাদেশি কর্মী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে রিক্রুটিং এজেন্সি কর্তৃক ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে রাশিয়ায় যান। রাশিয়ায় পৌঁছানোর পর ওই কর্মীদের জোরপূর্বক যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং ক্যাম্প থেকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন তথ্য পাওয়ার পর সরকার ব্যবস্থা নেয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাসকে বিপদগ্রস্ত বাংলাদেশি কর্মীদের উদ্ধার করে দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়।
তিনি বলেন, সর্বশেষ প্রাপ্ত তথ্যে ৩০ জনের মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বাকি কর্মীদের দেশে ফিরিয়ে আনার আশা করছে সরকার।