নাটোরে ইজিবাইকে ট্রাকের ধাক্কা, প্রাণহানি বেড়ে ৩

নাটোরে ইজিবাইকে ট্রাকের ধাক্কা, প্রাণহানি বেড়ে ৩

সংগৃহীত ছবি

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ইজিবাইকের চালক নিহত হওয়ার পর হাসপাতালে আরো দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের গোপালপুর রাজাপুর সরকারের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইক চালক রান্টু মিয়া (২৮), যাত্রী তলৈক্ষ্য হালদার (৬০) ও শিপন খান (২৪)।

রান্টু মিয়া উপজেলার গোপালপুর গড়মাটি গ্রামের তফেজউদ্দিন ঝড়ুর ছেলে। তলৈক্ষ্য পারগোপালপুরের মৃত কৃপা হালদারের ছেলে ও শিপন গড়মাটি খাঁ পাড়ার চাঁদ আলী খানের ছেলে।

আহত একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে এবং অপরজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ৪ জন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকটি রাজাপুর থেকে গড়মাটি বাজারের উদ্দেশে যাচ্ছিল। পথে সরকারের ঢালান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক নিহত হন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন দুই যাত্রীর মৃত্যু হয়।

তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।