ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় নারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় নারী নিহত

প্রতিকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে গাড়ির ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় ডাচ্-বাংলা কারখানার বিপরীত পাশের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম খালেদা বেগম (২৫)। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলপুর গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে।

জানা যায়, সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হন খালেদা। তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

দুর্ঘটনায় গুরুতর আহত অপর নারী পারুল বেগমকে (৩৬) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পায়ে গুরুতর আঘাত লেগেছে। তিনি হবিগঞ্জ সদরের বাসদর দেবপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আখন্দ বলেন, ‘মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের কার্যক্রম চলমান এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’