বগুড়ায় নানা কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
সংগৃহীত
নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
এর আগে শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে পরিবেশ দিবসের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। সার্বিক কার্যক্রম উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াছমিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশীদ আলম।
স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়ার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়া দিবসটিতে প্রশাসনের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, সচেতন নাগরিক সমাজ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা স্কাউট, রোভার সদস্যসহ শিক্ষার্থীরা অংশ নেন।
সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও ফলদ-ভেষজ বৃক্ষ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় নিজেদের ঘর ও আঙিনা পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজের পাড়া-মহল্লা পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই সামগ্রিকভাবে শহর, জেলাসহ পুরো দেশকে পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখা সম্ভব। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ দূরদর্শী পরিকল্পনা। পরিবেশের ভারসাম্য রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ। কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। বাড়ির আঙিনায় অন্ততপক্ষে একটি করে হলেও ফলদ, বনজ বা ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানান।