পোকার কামড়ে নয়, অভিনেতা রাজেশের অসুস্থতার কারণ নিয়ে যা জানা গেল

পোকার কামড়ে নয়, অভিনেতা রাজেশের অসুস্থতার কারণ নিয়ে যা জানা গেল

ছবি: ফাইল ফটো

সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেতা রাজেশ শর্মা। গেল মঙ্গলবার (৭ জুলাই) থেকে সেখানে চিকিৎসাধীন তিনি। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন শুভানুধ্যায়ীরা। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এখন স্থিতিশীল আছেন রাজেশ শর্মা। আজ শুক্রবার হাসপাতালের তরফে অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন হতে পারে। তখন আরও বিস্তারে জানা যাবে, ঠিক কী ঘটেছে। 

এদিকে অভিনেতার ব্যক্তিগত সহকারী শুভাশিস পাণ্ডার দাবি, কোনো বিষাক্ত পোকার কামড়ে অসুস্থ হননি রাজেশ। এমনকি হায়দরাবাদে শুটিং চলাকালীন সময় অসুস্থ হওয়ার খবরটিও মিথ্যা। কেননা, অসুস্থ হওয়ার তিন আগেই হায়দরাবাদের শুটিং শেষ করে কলকাতায় ফেরেন তিনি। রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সুগার থাকলে সংক্রমণ দ্রুত ছড়ায়। পা চুলকোতে গিয়ে সমস্যার সূত্রপাত।

শুভাশিস বলেন, ‘ভুল তথ্যের জেরে সবাই খুবই উদগ্রীব হয়ে পড়েছেন। রাজেশ এখন ভালো আছেন।’ 

রাজেশের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘শুটিংয়ের সময় পোকামাকড়ের কামড়ের পর আমার প্রিয় বন্ধু রাজেশের স্বাস্থ্যের অবস্থার কথা শুনে খুব উদ্বিগ্ন। আশা করি মহাদেব ওঁকে দ্রুত সম্পূর্ণ সুস্থতার আশীর্বাদ করবেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু। এখনও একসঙ্গে বসে অনেক মজা করা বাকি।’

‘পারমিতার একদিন’, ‘পরীণিতা’ থেকে শুরু করে ‘দ্য ডার্টি পিকচার’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘এমএস ধোনি’ কিংবা ‘মিশন রানিগঞ্জ’-র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন রাজেশ।