বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন। তার উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৫০০ অসহায় ও দুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বাঁশখালীর বাসিন্দা হওয়ায় দুর্যোগের শুরু থেকেই স্থানীয় মানুষের সহায়তায় মাঠে নামেন নাছির উদ্দিন শাওন।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, চানাচুর, বিশুদ্ধ পানীয় পানি, স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। ছাত্রদলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যার্ত মানুষের হাতে এসব সহায়তা পৌঁছে দেন।

ত্রাণ বিতরণকালে নাছির উদ্দিন শাওন বলেন, বাঁশখালী উপজেলার প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ঘরবাড়ি এবং ২১২টি গ্রামের অধিকাংশই বর্তমানে পানির নিচে রয়েছে। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

নাছির উদ্দিন শাওন আরও বলেন, শুকনো খাবার বিতরণের পাশাপাশি উদ্ধার কার্যক্রমও চলমান রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।