নিকলী হাওরে গোসলে নেমে গাজীপুরের পর্যটক নিখোঁজ

নিকলী হাওরে গোসলে নেমে গাজীপুরের পর্যটক নিখোঁজ

প্রতিকি ছবি

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার বিকাল ৩টার দিকে দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২০-২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসেন। 

তারা একটি ইঞ্জিনচালিত নৌকায় হাওরে ঘুরতে বের হন। নৌকাটি দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় গেলে তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় শফিকুল ইসলামসহ তিনজন গোসল করতে হাওরের পানিতে নামেন। একপর্যায়ে শফিকুল ইসলাম পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় শুক্রবারের মতো অভিযান স্থগিত করা হয়। শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হবে বলে জানান ওসি।