বিলের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বিলের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রতীকী ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় পানিতে ডুবে ৭ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া এলাকার কচুয়া বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুরা হলো তানজিনা (৭) ও মারিয়া খাতুন। তানজিনা ওই এলাকার মো. আজিজুল হকের মেয়ে এবং মারিয়া খাতুন একই এলাকার মো. মাসিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকেই দুই শিশু নিখোঁজ ছিল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।

এক পর্যায়ে সন্ধ্যায় বাড়ির পূর্ব পাশে অবস্থিত কচুয়া বিলে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন খবর দেন। পরে পরিবারের লোকজন দ্রুত বিল থেকে তাদের উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মৃত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।