গুলিস্তানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণধোলাই
প্রতীকী ছবি
রাজধানীর গুলিস্তানে ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিয়াদ গাজী (২৭) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১০ জুলাই) ভোরে গুলিস্তান মতিউর রহমান পার্কে এ ঘটনা ঘটে।
পরে ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার রিয়াদ গাজী বাড়ি চাঁদপুরের সদর উপজেলায়। তিনি পেশায় হকার।
সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) তুষার দেবনাথ বলেন, রিয়াদ গাজীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী শিশুটি ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছে।
শিশুটির পরিবারের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, শিশুটির পরিবার গুলিস্তান এলাকায় ভাসমান অবস্থায় থাকে। তাদের বাড়ি বরিশালে। শিশুটির মা-বাবা হকার, তারা ঘুরে ঘুরে পানি এবং কলম বিক্রি করে থাকে।
বৃহস্পতিবার রাতে মতিউর রহমান পার্কের পাশের রাস্তা পার হওয়ার সময় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শিশুটি। এরপর মা-বাবা শিশুটিকে খোঁজাখুঁজি করতে থাকে। সকাল সাড়ে ৭টার দিকে থানায় খবর আসে, এক যুবককে গণধোলাই দিয়ে স্থানীয়রা গুলিস্তান আহাদ পুলিশ বক্সে হস্তান্তর করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ভোরের দিকে পার্কের উত্তর পাশের কোনায় বটগাছের নিচে রিয়াদ গাজী শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন করে এবং ধর্ষণের চেষ্টা করছিল। সে সময়ে স্থানীয় জনগণের চোখে পড়ে।
তারা তাঁকে হাতেনাতে আটক করে এবং গণধোলাই দিয়ে পুলিশবক্সে সোপর্দ করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়রানি ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।