ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ
ছবিঃ সংগৃহীত।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ জুলাই) ভোরে উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ৭ থেকে ৮ জন ব্যক্তি দুটি বাইসাইকেলে চটের বস্তা বহন করে ভারত থেকে বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে টহলদল তাদের ধাওয়া করলে তারা বস্তা ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে কার্টনের মধ্যে স্কচটেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরও জানান, উদ্ধার করা ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা। জব্দ করা পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।