টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক
প্রতিকি ছবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা ছাত্রদলের এক নেতার বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির জানালার গ্লাস ভেঙে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (১১ জুলাই) ভোরে উপজেলার বেলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রদল নেতার নাম সোলাইমান আকন্দ।
তিনি কালিহাতী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি।
সোলাইমান আকন্দের দাবি, তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়েছিলেন।
ভোর প্রায় ৫টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল বাড়ির সামনে এসে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে বাড়ির জানালার গ্লাস ভেঙে যায়। গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।
সোলাইমান আকন্দের বাবা আব্দুর রাজ্জাক বলেন, ‘ফজরের নামাজ পড়তে ওঠার সময় বাইরে শব্দ পাই। পরে আরও শব্দ পাওয়া যায়। আমার ছেলেকে হত্যার উদ্দেশ্য গুলি করা হয়েছে। প্রশাসনের কাছে এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করছি। ’
ভুক্তভোগী ছাত্রদল নেতা বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে চারটি গুলি করা হয়েছে।
বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ’
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’