সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের
সংগৃহীত
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্থায়ীভাবে সর্বনিম্ন ৩৫ বছর এবং কোভিড-১৯ ও সেশনজটসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য অস্থায়ীভাবে ৪০ বছর করার দাবি জানিয়েছে ‘চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা’।
শনিবার (১১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
তারা জানান, গত ৫ জুলাই সচিবালয় অভিমুখে পদযাত্রার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে সাত সদস্যের প্রতিনিধিদলের বৈঠক হয়। ওই বৈঠকের পর তাদের দাবির বিষয়ে একটি খসড়া প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে চাকরিপ্রত্যাশীরা বলেন, আন্তর্জাতিক মানদণ্ড, কোভিড-পরবর্তী নিয়োগ স্থবিরতা, দীর্ঘ সেশনজট, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, উচ্চশিক্ষা সম্পন্ন করতে অতিরিক্ত সময় এবং বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি সময়ের দাবি হয়ে উঠেছে।
তারা আগামী ১৬ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে সরকারের ইতিবাচক ও দৃশ্যমান সিদ্ধান্ত প্রত্যাশা করেন। একই সঙ্গে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে জানান, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ না নিলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।