রাঙামাটিতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল সেনাবাহিনী

রাঙামাটিতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল সেনাবাহিনী

সংগৃহীত

রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ও বন্যায় কবলিত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। শনিবার (১১ জুলাই) বিকেলে সদর সেনা জোনের উদ্যোগে রাঙামাটি শহর ও কাউখালী উপজেলার তিনটি আশ্রয়কেন্দ্রের ৮০টি পরিবারকে ত্রাণ সহায়তা তুলে দেন রাঙামাটি সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত।

সেনা সদর জোন থেকে জানানো হয়, রাঙামাটি সদর উপজেলার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্র, সাপছড়ি ইউনিয়ন পরিষদ আশ্রয়কেন্দ্র এবং কাউখালী উপজেলার আর টি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়া আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন ও ভুক্তভোগী মানুষের খোঁজখবর নেন জোন কমান্ডার। তিনি তিনটি আশ্রয় কেন্দ্রের ৮০ টি পরিবারের ২০৪ জন সদস্যের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় মানিকছড়ি সেনাক্যাম্প ও ঘাগড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ এবং সাপছড়ি ইউনিয়ন পরিষদ ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেনা সদর জোন থেকে আরও জানানো হয়, সেনাবাহিনীর পার্বত্য অঞ্চলে চলমান দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগণকে উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর এবং ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।