ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫০
প্রতিকি ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে চারজন, রংপুর বিভাগে একজন, সিলেট বিভাগে চারজন এবং খুলনা বিভাগে ৭০ জন রয়েছেন।
এ সময়ে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ২৭৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৭ হাজার ৫৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৩২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং এ রোগে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।