ইংল্যান্ডকে সমীহ করে যা বললেন আর্জেন্টাইন কোচ
ফাইল ছবি
মাঠের লড়াইয়ের আগেই মনের যুদ্ধ শুরু হয়ে গেছে। ফকল্যান্ডের ইতিহাস, ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই যেখানে আবেগের আগুন, সেখানে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি শান্ত, স্পষ্ট ও সুন্দর একটি বার্তা দিয়ে দিলেন, এটা আসলে শুধুই একটা ফুটবল ম্যাচ।
সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের কষ্টের জয়ের পর স্কালোনি আগামী বুধবারের সেমিফাইনাল নিয়ে কথা বলেছেন। আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তিনি দলের উন্নতি ও ক্লান্তি কাটানোর ওপরই বেশি জোর দিয়েছেন।
ম্যাচ শেষে স্কালোনি বলেন, “আমরা অনেক কষ্ট করেছি। তবে যা অর্জন করেছি তা ঐতিহাসিক।” সুইজারল্যান্ডের শারীরিক ফুটবল ও রক্ষণাত্মক খেলার সামনে আর্জেন্টিনা যে ভুগেছে, তা তিনি সরাসরি স্বীকার করেছেন। “ওরা আমাদের খুব কঠিন পরিস্থিতিতে ফেলেছিল। আমরা কিছু সময় বল নিয়ে এগোতে পারছিলাম না। ভাগ্য আমাদের সাহায্য করেছে, কারণ ওদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখায়। এরপর আমরা আক্রমণে উঠতে পেরেছি,” বলেন তিনি।
তবে কোচ খুশিও লুকাননি। জয় দিয়ে শুরু করাটাকে তিনি সবসময়ই ইতিবাচক মনে করেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, দলের আরও কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে।
প্রতিপক্ষ নিয়ে বিশেষ কোনো কাটাছেঁড়া করেননি স্কালোনি। নরওয়েকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়ে সেমিতে ওঠা ইংল্যান্ডকে নিয়ে তিনি বলেন, “প্রতিপক্ষ ইংল্যান্ড হোক বা নরওয়ে, এটা কোনো বড় বিষয় নয়। আমরা এমন একটা দলের মুখোমুখি হতে যাচ্ছি যারা খুব ভালো খেলে এবং যাদের দারুণ একজন কোচ (থমাস টুখেল) আছেন। আমি তাকে অনেক সমীহ করি।”
তবে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি উল্লেখ করেছেন দলের ক্লান্তি। “আমাদের এখন ক্লান্তি কাটিয়ে উঠতে হবে। এটাই সবচেয়ে জরুরি,” জানান স্কালোনি।
শেষ কথায় তিনি আবারও ফিরে এসেছেন মূল বার্তায়, “এটা স্রেফ একটা ফুটবল ম্যাচ। এর বাইরে অন্য কিছু খুঁজতে যাওয়ার দরকার নেই। খেলোয়াড়রাই আমাদের সেমিফাইনালে তুলেছে। এখন শুধু মাঠের খেলা।”
বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় আটলান্টায় অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ সেমিফাইনাল।