রামুতে বন্যার পানির স্রোতে ভেসে বৃদ্ধের মৃত্যু
প্রতিকি ছবি
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে বন্যার পানির স্রোতে ভেসে নিরঞ্জন দাশ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় গর্জনিয়া বাজার-নাইক্ষ্যংছড়ি সংযোগ সড়কের কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের একটি কালভার্টসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরঞ্জন দাশ কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি পূর্ব দাশপাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় ইউপি সদস্য বিমল দাশের বড় ভাই। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়িতে নিজের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বন্যার পানিতে তলিয়ে থাকা সড়ক পার হচ্ছিলেন নিরঞ্জন দাশ। এ সময় তার পা পিছলে যায় এবং প্রবল স্রোতে ভেসে গিয়ে পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা যৌথভাবে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন। পরে নৌকাযোগে মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।