ঢাবিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড এবং জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১৪ জুলাই। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা সূচনা বক্তব্য দেবেন। স্বাগত বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান। সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া ‘গল্প নয়, সত্যি’ শীর্ষক পর্বে সফল উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন। স্টার্টআপ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা এবং নির্বাচিত স্টার্টআপের কাছে অনুদানের চেক হস্তান্তরও অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হবে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’। এই ডিজিটাল প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের তথ্য এবং প্রয়োজনীয় সেবা এক জায়গা থেকেই সহজে জানতে ও গ্রহণ করতে পারবেন।
সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়া, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে, যা উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা ১টা থেকে এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।