অতিবৃষ্টিতে ধোলাইখালে সড়কে ধস, যান চলাচলে বিঘ্ন
ছবিঃ সংগৃহীত।
রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালে সম্প্রতি সংস্কার শেষ হওয়া একটি সড়কের অংশ ধসে পড়েছে। এ ঘটনায় সড়কটির একাংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৩ জুলাই) নারিন্দা মোড়সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, রায়সাহেব বাজার থেকে মুরগিটোলামুখী সড়কের আইল্যান্ডঘেঁষা একটি অংশ ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত স্থানটি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। এক পাশ দিয়ে যানবাহন চলাচল করায় এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ওয়াসার পুরোনো পানির পাইপে দীর্ঘদিনের লিকেজের কারণে নিচের মাটি সরে গিয়ে এ ধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, রোববার বিকেলে টানা বৃষ্টির সময় হঠাৎ করেই সড়কের মাঝামাঝি অংশ দেবে যায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে যান চলাচল নিয়ন্ত্রণে আনেন এবং ধসে পড়া অংশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন।
ডিএসসিসির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. তারেক হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২০ থেকে ৩০ বছর পুরোনো ওয়াসার পানির পাইপে লিকেজ থাকায় দীর্ঘদিন ধরে নিচের মাটি ক্ষয় হয়েছে। এতে সড়কের নিচে ফাঁপা জায়গা তৈরি হয় এবং একপর্যায়ে সড়ক ধসে পড়ে।
তিনি জানান, মূল মেরামতের কাজ শেষ করতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। তবে কংক্রিটের কিউরিংসহ পুরো কাজ শেষ করে সড়ক সম্পূর্ণ যান চলাচলের উপযোগী করতে প্রায় ১০ দিন সময় প্রয়োজন হবে।
জনদুর্ভোগ কমাতে পুরো সড়ক বন্ধ রাখা হবে না বলেও জানিয়েছেন তিনি। মেরামতের সময় এক পাশ দিয়ে যান চলাচল চালু রেখে অন্য পাশে সংস্কারকাজ চলবে।