নারায়ণগঞ্জে ৫ ডাকাতসহ স্বর্ণালংকার-শটগান উদ্ধার
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জে আলোচিত দুইটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। একই সঙ্গে পৃথক অভিযানে ৫ ডাকাতকে গ্রেফতারসহ লুট হওয়া স্বর্ণালংকার বিভিন্ন ব্যাগ এবং একটি শটগান উদ্ধার করা হয়েছে। সোমবার(১৩ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এই তথ্য জানান।
তিনি জানান, গত ৮জুলাই সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাপান প্রবাসী এক পরিবারের গাড়ি থামিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মালামাল লুট করা হয়।
এ ঘটনায় তদন্তে নেমে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপঝাড় থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এ মামলার আরও এক আসামি পলাতক রয়েছে।
এদিকে গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে আনসার সদস্যদের দুটি শটগান ডাকাতি করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের অভিযানে রূপগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেফতার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে একটি লুট হওয়া শটগান উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, ডাকাতি ছিনতাই রোধে ইতোমধ্যে বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শুধু সোনারগাঁ থানায় গত কয়েক মাসে ৫৫ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।