কেরানীগঞ্জে রাস্তায় ময়লা ফেলতে গিয়ে আটক, নিজ খরচে পরিষ্কারের নির্দেশ

কেরানীগঞ্জে রাস্তায় ময়লা ফেলতে গিয়ে আটক, নিজ খরচে পরিষ্কারের নির্দেশ

সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জে প্রকাশ্যে সড়কে ময়লা ফেলতে গিয়ে এক ব্যক্তি উপজেলা প্রশাসনের হাতে আটক হয়েছেন। পরে তাকে শাস্তিস্বরূপ নিজ খরচে সড়কে জমে থাকা ময়লা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কদমতলী গোলচত্বরে নিয়মিত তদারকির সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক আনোয়ার হোসেন (৫৫) নামের ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।

ইউএনও জানান, পরিচ্ছন্ন কেরানীগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সড়কে ময়লা ফেলা প্রতিরোধে অভিযান ও নজরদারি চালানো হচ্ছিল। এ সময় আনোয়ার হোসেনকে রাস্তায় ময়লা ফেলতে দেখে আটক করা হয়।

তিনি বলেন, অভিযুক্তের বয়স বিবেচনায় কারাদণ্ড বা অর্থদণ্ড না দিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে নিজ ব্যয়ে সড়কে জমে থাকা ময়লা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ, গ্রাম পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত এ তদারকি কার্যক্রম চালিয়ে যাবেন।