কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
সংগৃহীত ছবি
বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করেছেন। সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রাকিবুল ইসলাম এ রায় দেন বলে বেঞ্চ সহকারী মো. আজিবর রহমান জানিয়েছেন।
দন্ডিত আল-আমিন হাওলাদার (৩৩) বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউপির বরীন্দ্রনগর গ্রামের মৃত আইয়ুব আলী হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বরাতে বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, বরীন্দ্র নগর নানা বাড়ীতে থেকে পড়াশুনা করতো কলেজছাত্রী। নানার ঘরে টিভি দেখতে আসতো আল-আমিন। ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে আল-আমিন। পরে বিয়ের প্রলোভনে আরো একাধিকবার ধর্ষণ করে। এতে ওই ছাত্রী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় ২০১৬ সালের ২৪ জুন ছাত্রীর মা বাদী হয়ে একমাত্র আল-আমিন আসামি করে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা করে। থানার এসআই বশির আহম্মেদ ৩১ জুলাই আল-আমিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। বিচারক ১১ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন। রায়ে ধর্ষণের ফলে জন্মা নেয়া সন্তানের জৈবিক পিতা হিসেবে দন্ডিতকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়াও শিশুর ভরণপোষণ দন্ডিতদের সম্পত্তি থেকে আদায় করা এবং তার অবর্তমানে শিশুটির তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট। শিশু মরিয়মের জন্ম নিবন্ধনের জন্য দন্ডিতের জাতীয় পরিচয়পত্র জমা নিয়ে কার্যক্রম সম্পন্নেরও নির্দেশ দিয়েছেন আদালত।