সেমিতে নামার আগে আর্জেন্টিনাকে হুংকার ইংল্যান্ডের

সেমিতে নামার আগে আর্জেন্টিনাকে হুংকার ইংল্যান্ডের

ছবি: সংগৃহীত

সেমিফাইনালের মঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের আগে ইংল্যান্ড শিবিরে এখন একটাই আলোচনা লিওনেল মেসিকে কীভাবে থামানো যায়। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করতে হলে মেসির জাদু যতটা সম্ভব সীমিত রাখতে চায় থ্রি লায়ন্স।

সাবেক ইংলিশ তারকা জো কোল ‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে সরাসরি বলে ফেলেছেন, “সেমিফাইনালে মেসিকে মাটিতে মিশিয়ে দিতে হবে। আমরা ওকে মাটিতে মিশিয়ে দেব।” 

তাঁর এই আগ্রাসী মন্তব্যের সময় অনুষ্ঠানে উপস্থিত সাবেক ডিফেন্ডার মিকা রিচার্ডস অস্বস্তি প্রকাশ করলেও কোল নিজের কথায় অনড় রয়েছেন। তিনি বিশ্বাস করেন, ইংল্যান্ডের সামর্থ্য আছে এবার শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত যাওয়ার।

অন্যদিকে ওয়েন রুনি ম্যাচের বাস্তব চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, মেসি আক্রমণে অসাধারণ হলেও রক্ষণে তেমন অবদান রাখেন না। এই দুর্বলতা ইংল্যান্ডের উচিত কাজে লাগানো। তবে সতর্কও করেছেন রুনি। মাত্র কয়েকটি সুযোগ পেলেই গোলে পরিণত করার অসাধারণ ক্ষমতা আছে আর্জেন্টাইন অধিনায়কের। 

তাই তাঁকে আটকাতে ডিফেন্ডারদের মধ্যে চমৎকার সমন্বয়, অবিরাম মনোযোগ এবং শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। সামান্য এলোমেলো ভাবও ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে বলে মনে করেন তিনি।

ইংল্যান্ডের কোচ ও খেলোয়াড়রা এখন এই পরামর্শগুলোকে মাঠের কৌশলে রূপ দিতে ব্যস্ত। মেসির বিরুদ্ধে কঠিন লড়াইয়ের প্রস্তুতিতে ইংলিশ শিবিরে উত্তেজনা এখন তুঙ্গে।