ইরানি বিমান ঠেকাতে সানা বিমানবন্দরে ইয়েমেন সরকারের হামলা

ইরানি বিমান ঠেকাতে সানা বিমানবন্দরে ইয়েমেন সরকারের হামলা

সংগৃহীত ছবি

ইয়েমেনে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকার সানা বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। সরকারের দাবি, ইরান থেকে আসা একটি বিমানও যেন সেখানে অবতরণ করতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

এর প্রতিক্রিয়ায় হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ঘটনার পর পুরো অঞ্চলে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ইয়েমেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে অবৈধভাবে ইরানি বিমান অবতরণের চেষ্টা করছিল। এর আগে তারা সরকারের নিজস্ব বিমানকে অবতরণে বাধা দিয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে সরকার বিমানবন্দরের রানওয়ে লক্ষ্য করে হামলা চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেসামরিক লোকজন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এলাকা ত্যাগের নির্দেশ দেয়। 

যদিও পরবর্তীতে হুথি দাবি করেছে, তাদের প্রতিনিধিদল ও চিকিৎসাধীন নাগরিকদের বহনকারী ইরানি বিমানটি সফলভাবে হোদেইদাহ বন্দরে অবতরণ করেছে।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে একে আন্তর্জাতিক আইন ও ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।

অন্যদিকে, হুথির সামরিক মুখপাত্র সতর্ক করে বলেছেন, এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। এর পরপরই হুথি সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয়। সৌদি নেতৃত্বাধীন জোটও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার কথা জানিয়েছে।

সূত্র: আল জাজিরা