ব্যবসায়ীকে তুলে নিয়ে কানে কামড় দিলেন বিএনপি নেতা!
প্রতিকি ছবি
নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে ব্যবসায়ী সাখাওয়াত হোসেনকে মারধর ও কানে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক। অন্যদিকে আহত ব্যবসায়ী সাখাওয়াত হোসেন গাজীপুর কালীগঞ্জের ফিরোজ আলীর ছেলে। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। তার কানে চারটি সেলাইসহ শরীরের বেশ কিছু স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সোমবার বিকালে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
আহত সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলের ভেতরে একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের জন্য শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন বসিয়েছি। সোমবার বিকালে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে চারজন লোক মোটরসাইকেল দিয়ে এসে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়ি নিয়ে যায়। এরপর সেখানে দীর্ঘ ১ ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ আরও ৬/৭ জন মারধর শুরু করে। একপর্যায়ে ওই বিএনপি নেতা কেন তাকে না জানিয়ে সেখানে ড্রেজার মেশিন বসিয়েছি বলেই কানে কামড় দেয়। পরে তারা দ্রুত সময়ের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসা নিচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মহিউদ্দিন জানান, একটি স্যারের প্রোগ্রাম রয়েছে। পরবর্তীতে ভিডিও বক্তব্যে সত্য-মিথ্যা সকল বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।’