বিশ্বকাপের ‘গোল্ডেন বুট-গ্লাভস-বলে’ স্বর্ণ কতখানি, জানলে অবাক হবেন

বিশ্বকাপের ‘গোল্ডেন বুট-গ্লাভস-বলে’ স্বর্ণ কতখানি, জানলে অবাক হবেন

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই শুধু দলীয় শ্রেষ্ঠত্ব নয়, ব্যক্তিগত দ্যুতিও ছড়িয়ে পড়ে মাঠে। প্রতি আসরে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তিনটি ব্যক্তিগত পুরস্কার  গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস। নামের শুরুতে ‘গোল্ডেন’ শব্দটি শুনলেই অনেকের মনে প্রশ্ন জাগে, এগুলো কি সত্যিই খাঁটি সোনা দিয়ে তৈরি?

উত্তরটা একটু অন্যরকম। বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল। দেখতে অসাধারণ সোনালি ফুটবলের আকৃতির এই ট্রফিটি আসলে খাঁটি স্বর্ণের নয়। এটি মূলত ধাতব উপাদান (ব্রোঞ্জ, পিতলসহ বিভিন্ন মিশ্রণ) দিয়ে তৈরি, যার ওপর সুন্দর করে গোল্ড প্লেটিং করা হয়। ফলে বাইরে থেকে ঝলমলে সোনালি আভা পাওয়া গেলেও ভেতরে খাঁটি সোনা নেই।

একই কথা প্রযোজ্য গোল্ডেন বুটের ক্ষেত্রেও। সর্বোচ্চ গোলদাতার এই পুরস্কারটি ফুটবল বুটের আদলে তৈরি। এটিও ব্রোঞ্জ বা অন্য ধাতুর ওপর সোনালি প্রলেপ দেওয়া হয়। খাঁটি সোনার তৈরি নয় বললেই চলে।

সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভসের গল্পটাও প্রায় একই। গ্লাভসের আকৃতির এই ট্রফিতে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয় তামা ও রেজিন। বাইরের অংশে গোল্ড প্লেটিংয়ের কারণেই এটি দর্শনীয় হয়ে ওঠে।

এই তিন পুরস্কারের সঙ্গে আলাদা করে কোনো নগদ অর্থ পুরস্কার দেওয়া হয় না। তবে এগুলো পাওয়ার পর খেলোয়াড়ের মর্যাদা ও বাজারমূল্য অনেকাংশে বেড়ে যায়। সবচেয়ে বড় প্রাপ্তি হয়তো সেই অমূল্য সম্মান, যা কোনো টাকার অঙ্কে মাপা যায় না।