শেরপুরে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার
সংগৃহীত ছবি
শেরপুরের নকলায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে তাদেরকে মিছিলের প্রস্তুতকালে শহরের গড়েরগাঁও মোড় থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বাসিন্দা মাহিন (১৭), রকি (১৮), শুভ (১৭), কামরুল (২০), সিয়াম (১৮) ও নয়ন (১৮)।
নকলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানা পুলিশ খবর পায় যে, শেরপুর জেলা ছাত্রলীগের মঙ্গলবার দুপুরে একটি মিছিলের প্রস্তুতি হিসেবে নকলা থেকে কিছু ছাত্রলীগ কর্মী শেরপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো।
পরে মঙ্গলবার ভোরে নকলা উপজেলার গড়েরগাঁও মোড়ে অভিযান চালিয়ে সিএনজি চালিত রিকশা থামিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ যুগান্তরকে বলেন, নকলা থানার সন্ত্রাস বিরোধী আইনে ১/২৫ দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।