ইউরোপের বাজারে অনুমোদন পেল রেনাটার থাইরয়েড ওষুধ

ইউরোপের বাজারে অনুমোদন পেল রেনাটার থাইরয়েড ওষুধ

রেনাটা পিএলসি লোগো // ফাইল ছবি।

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটার লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে বাজারজাতের অনুমোদন পেয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসেন্ট্রালাইজড প্রসিডিউরের আওতায় ওষুধটি আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল ও মাল্টায় বাজারজাত করা যাবে।

রেনাটা জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিয়ন্ত্রক মানদণ্ড পূরণ করে এই অনুমোদন অর্জন প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ উৎপাদনে প্রতিষ্ঠানের সক্ষমতার স্বীকৃতি মিলেছে এবং বৈশ্বিক বাজারে অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

লেভোথাইরক্সিন একটি বহুল ব্যবহৃত কৃত্রিম থাইরয়েড হরমোন, যা মূলত হাইপোথাইরয়েডিজমসহ থাইরয়েড-সংক্রান্ত বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি অত্যন্ত সংবেদনশীল ওষুধ হওয়ায় রোগীর বিপাকীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে নির্ভুল মাত্রা ও উচ্চমানের গুণগত নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রেনাটা জানিয়েছে, ইউরোপীয় মানদণ্ড অনুসরণ করে উন্নত মান নিয়ন্ত্রণব্যবস্থা এবং গবেষণা ও উন্নয়নভিত্তিক প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ট্যাবলেটে সঠিক মাত্রা নিশ্চিত করা হয়, যা রোগীর নিরাপত্তা ও কার্যকর চিকিৎসায় সহায়ক।

বর্তমানে বাংলাদেশে রেনাটা থাইরক্স ব্র্যান্ড নামে লেভোথাইরক্সিন বাজারজাত করছে। থাইরয়েড রোগের চিকিৎসায় এটি দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড। প্রতিষ্ঠানটির মতে, ইউরোপীয় বাজারে এই অনুমোদন আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ সরবরাহে রেনাটার ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন।