কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না, ৯ ঘণ্টা পর ধরা পড়ল ২ চোর

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না, ৯ ঘণ্টা পর ধরা পড়ল ২ চোর

প্রতিকি ছবি

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম এলাকায় গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। পালানোর সময় তারা একটি খালের কচুরিপানার নিচে আত্মগোপনের চেষ্টা করেন। প্রায় ৯ ঘণ্টা অভিযান চালিয়ে এলাকাবাসী তাদের আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করে।

বুধবার ভোরে ছোট চৌগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাক থেকে গরু চুরির চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চারজন পালানোর চেষ্টা করেন। এর মধ্যে দুজন পাশের একটি খালের ঘন কচুরিপানার নিচে লুকিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর কচুরিপানার ভেতর থেকে ওই দুজনকে বের করে আটক করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আটকের সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে তাদের নিরাপদে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আটক দুজনকে প্রশাসনের হেফাজতে নেন। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

স্থানীয় যুবক রাকিব বলেন, কচুরিপানার নিচে লুকিয়ে তারা পালিয়ে যেতে চেয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত এলাকাবাসীর নজর এড়াতে পারেনি।

তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।