পেশাগত নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সমাবেশ

পেশাগত নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সমাবেশ

সংগৃহীত ছবি

পেশাগত নিবন্ধন এবং সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগের দাবিতে সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি পালন করেছেন ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা। 

বুধবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা। পরে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে পদযাত্রা করেন।

বাংলাদেশ ডেন্টাল পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এ বিষয়ে সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল বলেন, ‌‘হাজার হাজার প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারী বর্তমানে কর্মসংস্থানের সংকট, পেশাগত বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এছাড়া কোর্সের নাম ও সিলেবাসের অসংগতির কারণে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। কোর্সের নাম পরিবর্তনের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একাধিকবার উদ্যোগ নিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।’

সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন সিদ্ধান্ত এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কর্মপরিধির আলোকে ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর মাধ্যমে সীমিত পরিসরে পেশাগত নিবন্ধনের ব্যবস্থা করা প্রয়োজন। 

তাদের ভাষ্য, রাষ্ট্র স্বীকৃত এই কোর্সের শিক্ষার্থীদের জন্য সরকার নিজেই পাঠ্যক্রম প্রণয়ন, ভর্তি, পরীক্ষা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ, সনদ প্রদান এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়োগের ব্যবস্থা করেছে। এমনকি স্বাস্থ্য অধিদপ্তর তাদের জন্য নির্দিষ্ট কর্মপরিধিও নির্ধারণ করে দিয়েছে। তবুও তারা দীর্ঘদিন ধরে বিএমডিসির নিবন্ধন এবং নির্ধারিত কর্মপরিধির আওতায় সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন।