আওয়ামী লীগ ছাড়লেন মাদারীপুরের ইউপি চেয়ারম্যান অমিত ও ৯ সদস্য
সংগৃহীত ছবি
মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমিত হোসেন কবির আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে ইউনিয়ন পরিষদের ৯ সদস্য এবং শতাধিক নেতাকর্মী-সমর্থকও দল থেকে অব্যাহতির ঘোষণা দেন।
বুধবার (১৫ জুলাই) বিকালে নিজ বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে দলটির সব ধরনের পদ থেকে মৌখিকভাবে অব্যাহতির ঘোষণা দেন অমিত।
একই সঙ্গে উপস্থিত থেকে মৌখিকভাবে অব্যাহতি নেন ওয়ার্ড মেম্বর আমির হোসেন, মো. পায়েল বেপারী, মো. রুহুল হাওলাদার, মো. মিল্টন মিয়া, মো. রফিকুল হাওলাদার, মো. রিন্টু, মো. জসিম, মো. হুমায়ুন কাজী ও সংরক্ষিত মহিলা সদস্য মোসা. হাওয়া বেগম। এ সময় তাদের সমর্থন দেন শতাধিক কর্মী-সমর্থকেরা।
অমিত হোসেন কবির বলেন, ‘আমি জনগণের সেবা দিয়ে তাদের পাশে থাকার জন্য আওয়ামী লীগের রাজনীতি করতাম। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থে দল থেকে পদত্যাগ করলাম। আমি এখন থেকে আওয়ামী লীগের কোনো পদে আর নেই। আমার সঙ্গে ৯ জন মেম্বরও আজ থেকে অব্যাহতি নিয়েছেন।’