চট্টগ্রামে গাড়ির ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর
প্রতিকী ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় কোহিনুর আক্তার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন হালিমা বেগম (৬০) নামে আরেক বৃদ্ধা।
বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়নের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কোহিনুর মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পূর্ব খৈয়াছরা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।
পূর্ব খৈয়াছরা এলাকার বাসিন্দা মো. নুরুল হুদা বলেন, সন্ধ্যায় বড়তাকিয়া বাজার থেকে দুই মহিলা এক সঙ্গে বাড়ি ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে দুজনেই রাস্তার পাশে পড়ে থাকে। স্থানীয়রা তাদের মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কোহিনুর আক্তারকে মৃত ঘোষণা করেন। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া বলেন, বড়তাকিয়া এলাকায় গাড়ি চাপায় এক নারী মারা যাওয়ার খবর শুনেছি।