জুলাই শহীদদের প্রতি এসপি মাসুদ আলমের শ্রদ্ধা

জুলাই শহীদদের প্রতি এসপি মাসুদ আলমের শ্রদ্ধা

সংগৃহীত

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের সময় পুলিশ সুপারের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল এবং অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ ইব্রাহীমসহ চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর পুলিশ সুপার ও উপস্থিত পুলিশ কর্মকর্তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে এক প্রতিক্রিয়ায় এসপি মো. মাসুদ আলম বলেন, ‘জুলাই শহীদদের এই আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের এই মহান আত্মদান দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে।’

তিনি আরও বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। 

উল্লেখ্য, ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র-জনতার অভ্যুত্থানে চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম আকরামসহ বেশ কয়েকজন শিক্ষার্থী প্রাণ হারান। আজ ১৬ জুলাই, সেই ঐতিহাসিক দিনটি স্মরণে দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।