জুলাই আন্দোলনে আহতদের পাশে কুমিল্লার সিটি করপোরেশনের প্রশাসক

জুলাই আন্দোলনে আহতদের পাশে কুমিল্লার সিটি করপোরেশনের প্রশাসক

সংগৃহীত ছবি

কুমিল্লায় জুলাই আন্দোলনে আহতদের ব্যক্তিগত উদ্যোগে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বৃহস্পতিবার(১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক মিজ রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে নগরীর টাউন হল প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, জুলাই আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক আহতকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন।