গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার
প্রতিকি ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে দশম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি শিশির আহম্মেদ চঞ্চল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। এ সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেফতার শিশির আহম্মেদ চঞ্চল কুড়িগ্রামের চিলমারী উপজেলার মনতোলা জোড়গাছ এলাকার শহিদুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার রাতে নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপতারা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহৃত ওই স্কুলছাত্রী উপজেলার শিবরাম আলহাজ্ব হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের সময় শিশির আহম্মেদ চঞ্চল প্রেম নিবেদন সহ ভুক্তভোগীকে উত্যক্ত করতো। ভুক্তভোগী ছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করে তার পরিবারকে জানায়।
পরে ভুক্তভোগীর পরিবার বিষয়টি অভিযুক্তের বাবা মাকে জানালে তারা ক্ষুব্ধ হয়। গত ১৭ মে ওই ছাত্রী এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিশির অন্যান্য আসামিদের সহায়তায় অপহরণ করে অটোরিকশায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার মনতোলা জোড়গাছ এলাকার দিকে নিয়ে যায়। ঘটনার একদিন পর গত ১৯ মে ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার গুরুত্ব বিবেচনায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব।
এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে সিপিসি-৩ র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও সিপিএসসি র্যাব-১১ নারায়নগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপতারা বাজার এলাকা থেকে শিশির আহম্মেদ চঞ্চল গ্রেফতার করা হয়। এসময় অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করে র্যাব।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভুক্তভোগী ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।