ঠাকুরগাঁওয়ে ধর্ষণ-হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নরসিংদী থেকে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ-হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নরসিংদী থেকে গ্রেফতার

প্রতিকি ছবি

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. রনিকে(২২) নরসিংদী থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন(র‌্যাব)। বৃহস্পতিবার(১৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতার রনি রাণীশংকৈল উপজেলার করনাইট কুমরগঞ্জ এলাকার মো. আব্দুর রহিমের ছেলে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা।

গত বছরের ২ মে সকালে ওই নারীর একটি হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে অভিযুক্তের বাড়িতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিষয়টি গোপন রাখতে বলে এবং ভুক্তভোগীকে তার নিজ বাড়িতে পাঠিয়ে দেয়।

ঘটনার কিছুদিন পর ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

বিষয়টি জানাজানি হলে ওই নারী বিয়ের দাবি করলে অভিযুক্ত ও তার পরিবার বিয়ের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে গেলে ভুক্তভোগীকে মারধর করা হয়। মারধরের একপর্যায়ে প্রধান অভিযুক্তের পিতা আব্দুর রহিম ভুক্তভোগী ওই নারীর বুকের উপর চেপে বসে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

ভুক্তভোগী চিৎকার শুরু করলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে প্রসববেদনা শুরু হলে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি কন্যাসন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পরেও অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আপস-মীমাংসার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে যাচ্ছিল।  

এই ঘটনায় গত ৬ মে ভুক্তভোগী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানায় একটি ধর্ষণ এবং হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে নরসিংদীর শিবপুর এলাকা থেকে গ্রেফতার করে।