চোখের সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর
ফাইল ছবি
বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর ট্রেলার মুক্তির আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। জানা গেছে, তিনি চোখের সংক্রমণ ‘কনজাংটিভাইটিস’ রোগে আক্রান্ত হয়েছেন। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও ট্রেলার প্রকাশের আয়োজনে উপস্থিত থাকতে পারেন তিনি। চিকিৎসকদের পরামর্শে চোখে কালো চশমা পরে ট্রেলার প্রকাশের মঞ্চে হাজির হবেন এ তারকা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রণবীর চোখের সংক্রমণে আক্রান্ত হয়েছেন মূলত তাঁর মেয়ে রাহার কাছ থেকে। রাহা গেল বেশকিছু দিন ধরে চোখের সংক্রমণে আক্রান্ত।
আগামী ২৪ জুলাই দিল্লির ভারত মন্ডপমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশের কথা রয়েছে।
ভারতের কেন্দ্রীয় সেন্সর বোর্ড (সিবিএফসি) ‘রামায়ণ’ ছবির ট্রেলারটি ‘ইউ’ বা সর্বজনীন ক্যাটাগরির সার্টিফিকেট দিয়েছে। ফলে সব বয়সী দর্শক এটি দেখতে পারবেন। গত ১৫ জুলাই ছাড়পত্র হাতে পেয়েছে ছবির পরিচালক। জানা গেছে, ট্রেলারের দুটি সংস্করণ বোর্ডের কাছে জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে একটির দৈর্ঘ্য ৪ মিনিট ১৫ সেকেন্ড। অন্যটি ৪ মিনিট।
এর আগে ছবির প্রথম ঝলক প্রকাশের পর দর্শকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। কেউ কেউ এর বিশাল ক্যানভাসের প্রশংসা করলেও অনেকে ভিএফক্সের কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
রণবীর কাপুর ছাড়াও এ ছবিতে সীতা চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে এবং রাবণ চরিত্রে অভিনয় করছেন কন্নড় সুপারস্টার যশ। এ ছাড়া হনুমান চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণ চরিত্রে রবি দুবে অভিনয় করছেন। দুটি খণ্ডে বড় পর্দায় আসবে মহাকাব্যিক সিনেমাটি। ‘রামায়ণ: পার্ট ওয়ান’ চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে। দ্বিতীয় খণ্ডটি আগামী বছরের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে।