চলে গেলেন কিংবদন্তি অভিনেত্রী
ফাইল ছবি
মেক্সিকান সিনেমার কিংবদন্তি অভিনেত্রী এলসা অ্যাগিরি আর নেই। মঙ্গলবার (১৪ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বুধবার মেক্সিকোর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পারফর্মারস (এএনডিআই) এক শোকবার্তায় তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি।
দীর্ঘ ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে এলসা অভিনয় করেছেন ৪০টিরও বেশি চলচ্চিত্রে। মেক্সিকোর ইন্ডাস্ট্রিতে রাজত্ব করার পাশাপাশি হলিউড সিনেমা ‘জায়ান্ট’ (১৯৫৬)-এ অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন। এই ছবিতে ‘হুয়ানা’ নামের এক মেক্সিকান নার্সিং শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ২০০৪ সালে অভিনয় জীবনের ইতি টানেন এ তারকা অভিনেত্রী।
কৈশোরে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সিএলএএসএ ফিল্মস মুন্দিয়ালেস নামক প্রযোজনা প্রতিষ্ঠানের নজরে আসেন এলসা। সেখান থেকে তাঁর রুপালি পর্দার যাত্রা শুরু। ১৯৪৫ সালে বোন আলমা রোসার সঙ্গে ‘এল সেক্সো ফুয়ের্তে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক। ১৯৪০ ও ১৯৫০-এর দশকে নিজেকে মেক্সিকোর জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘কুইদাদো কন এল আমোর’, ‘লা মুজের কে ইও আমে’, ‘আকাপুলকো’ এবং ‘ভ্যানিলা, ব্রোঞ্জ ই মরির’।
কিংবদন্তি অভিনেত্রীর প্রয়াণে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।