নেত্রকোনায় ট্রেনে কাটাপড়ে যুবক নিহত
ফাইল ছবি।
নেত্রকোনায় ট্রেনে কাটাপড়া মো. মুহিদ খান (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।শুক্রবার (১৭ জুলাই) নেত্রকোনা পৌরসভার রাজুরবাজার এলাকার ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলসড়ক এবং পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহত যুবক মোহনগঞ্জের তেতুলিয়া ইউনিয়নের পাইকুড়া গ্রামের মাইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
নেত্রকোনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, ‘সকালে রাজুরবাজার রেললাইনে কাটা পড়ার খবর পেয়ে কালভার্ট এলাকায় গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করি। রেললাইন ও কালভার্টের ডোবায় পড়েছিল তার মরদেহ। আমাদের টিম নিয়ে শরীরের সব অংশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন।
হাওর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে মোহনগঞ্জ যাওয়ার পথে হয়তো পড়ে গিয়ে কাটা পড়েছেন। ’
এদিকে, মুহিদের মামা লিলু মোড়ল জানান, পরিবারের মানুষ ট্রেন আসার পর তাকে আর ফোনে পাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের খবর পেয়ে এসে তার মরদেহ শনাক্ত করি। সাপ্তাহিক ছুটিতে মুহিত বাড়ি আসছিল।
তবে ঢাকা থেকে ট্রেনে উঠে বাড়ির দিকে আসার বিষয়টি নিশ্চিত করলেও, ট্রেন থেকে ছিটকে কাটা পড়লো কীভাবে তা কেউ নিশ্চিত করতে পারেনি।