ছোটবেলায় যৌন হেনস্তার শিকার হয়েছিলেন সালমানের ভাই
ফাইল ছবি
বলিউড ভাইজান সালমান খানের ছোট ভাই অভিনেতা-প্রযোজক সোহেল খান শৈশবে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। সম্প্রতি এক রিয়্যালিটি শো-তে অংশ এ কথা জানান তিনি।
দীর্ঘ বছর ধরে যন্ত্রণাদায়ক স্মৃতি তিনি বুকে চেপে রেখেছিলেন সোহেল। কাউকে বিষয়টা বলতে সাহস পাচ্ছিলেন না। একদিন সব বাঁধা পেরিয়ে অবশেষে পুরো ঘটনা তাঁর বাবাকে জানান। অভিনেতা বলেন, ‘বহু বছর বিষয়টা কাউকে বলতে পারিনি। একদিন বাবাকে জানাই আমি যৌন হেনস্থার শিকার হয়েছিলাম। বাবা যখন জিজ্ঞাসা করেন কেন আমি এতদিন এ কথা বলিনি। তখন আমি উত্তরে বলেছিলাম, আমার বলতে খুব লজ্জা লাগত।’
সোহেল খান আরও জানান, ওই ঘটনার পেছনে তাঁর বিন্দুমাত্র কোনো দোষ ছিল না। তা সত্ত্বেও অপরাধবোধ তাঁকে তাড়া করে বেড়াত। মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে রাখতেন। নিজের সঙ্গে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার কারণে তিনি তাঁর দুই ছেলের ব্যাপারে ভীষণ সতর্ক। সন্তানরা যাতে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি না হয়, সেজন্য তিনি সবসময় তাদের খোঁজখবর রাখেন।
উল্লেখ্য, ‘অ্যালায়েন্স’ নামের একটি রিয়্যালিটি শো-তে অংশ নিয়েছেন সোহেল। সেখানে তাঁর প্রাক্তন স্ত্রীর সঙ্গেও দেখা করার সুযোগ মিলেছে। বিচ্ছেদের পর তাঁদের দুজনকে আবার একসঙ্গে এক মঞ্চে দেখে ভক্ত-অনুরাগীরাও দারুণ উচ্ছ্বসিত। সামাজিক মাধ্যমে অনেকে আশা প্রকাশ করছেন, অতীতের সব দূরত্ব ভুলে সোহেল ও তাঁর প্রাক্তন স্ত্রী যেন আবার এক হন।