জয়পুরহাটে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ
সংগৃহীত ছবি
বৈশ্বিক মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে শতাধিক পরিবারের মাঝে গবাদি পশু (গরু) বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা সেলফ ডেভেলপমেন্ট সার্ভিসেসের (এসডিএস) প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গবাদি পশু বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এই গবাদি পশু সহায়তার মাধ্যমে গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রান্তিক পরিবারের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত হবে।
আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলার শতাধিক উপকারভোগী পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে গবাদি পশু তুলে দেন। এর পাশাপাশি একটি ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আ. বারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শাহ্ মো. মাহবুব, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া এবং জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল এবং যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এসডিএসের কর্মকর্তারা।