রাঙামাটির পাহাড়ের বুকজুড়ে ধ্বংসের ক্ষত, প্রয়োজন পর্যাপ্ত ত্রাণ

রাঙামাটির পাহাড়ের বুকজুড়ে ধ্বংসের ক্ষত, প্রয়োজন পর্যাপ্ত ত্রাণ

সংগৃহীত ছবি

বন্যায় রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ির অন্তত ৪৫টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। বন্যার পানি নেমে গেলেও চারদিকে এখন কেবলই ধ্বংসের চিহ্ন। ধানি জমি, ঘরবাড়ি, হাট-বাজার, সড়ক ও কালভার্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।  

সবকিছু হারিয়ে চরম সংকটে পড়েছেন এই অঞ্চলের মানুষেরা। পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় ঘুরে দাঁড়াতেও পারছেন না।

সরজমিনে দেখা গেছে, সম্প্রতি টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে একেবারে লন্ডভন্ড হয়ে গেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্তত ৩০টি গ্রাম। অনেকের গবাদি পশুগুলোও মারা গেছে। স্বল্প আয়ের ছোট চায়ের দোকানও নষ্ট হয়ে গেছে।

একই অবস্থা অন্য উপজেলা বিলাইছড়িতেও। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এ উপজেলার ফারুয়া ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ। এখানের হাট-বাজার এখন তছনছ অবস্থায়। দোকানগুলো এখন ধ্বংস হয়ে গেছে। ফারুয়া বাজারের হাট বসার অবস্থায় নেই। আগের মতো মানুষের আনাগোনাও নেই। বসতঘরে হাঁটু সমান কাদা। সড়কে জমে গেছে পলিমাটির স্তূপ। স্থানীয়দের বসতঘরেও কোনো সরঞ্জাম নেই। 

বিলাইছড়ি ফারুয়া ইউনিয়নের বিদ্যালাল তংঞ্চঙ্গ্যা বলেন, সরকারিভাবে মাত্র ১০ কেজি করে চাল পেলেও আর কিছুই পাননি তারা। এত ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবেন ইউনিয়নের মানুষ, তা নিয়ে চিন্তার শেষ নেই। তার দাবি, পুরোপুরি ক্ষতিপূরণ দেওয়া না হলেও আবারও যাতে ঘুরে দাঁড়াতে পারেন সে ব্যবস্থা করা হোক। তা না হলে এ এলাকার মানুষ ভয়ংকর দুর্দশায় পড়বেন।