বিয়ে বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
নরসিংদীর রায়পুরায় বিয়ে বাড়িতে বেড়াতে এসে বিলের পানিতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার(১৭ জুলাই) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার চান্দেরকান্দি বড়কান্দা ও শ্রীনগরের ভেলুয়ারচরে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু হলো।
মৃতরা হলেন, শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতি আক্তার(৮), চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে লামিয়া আক্তার রিতা(৭)। এর মধ্যে লামিয়া স্থানীয় একটি মাদরাসা ও জান্নাতি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী।
স্বজনরা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে নানাবাড়ি ভেলুয়ারচরে বেড়াতে আসে শিশু লামিয়া আক্তার। সেখানে শিশু জান্নাতির সঙ্গে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে বিকালে ময়নাতদন্ত ছাড়াই পরিবার কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীলা বলেন, দুপুরের দিকে ভেলুয়ারচর থেকে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
গতকাল উপজেলার চাঁদেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় কাঁকন নদীর একটি খালে গোসল করতে নেমে চার মাদরাসা শিক্ষার্থী তাবিয়া, জান্নাত, সুমাইয়া ও আয়েশা পানিতে ডুবে মারা যায়। সেই ঘটনার শোক কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে আরও দুই কন্যাশিশুর প্রাণহানির ঘটনায় পুরো রায়পুরাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।