বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে হেফাজতে ইসলাম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (১৭ জুলাই) সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বন্যাকবলিত মানুষের হাতে ত্রাণ ও নগদ সহায়তা তুলে দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, নায়েবে আমির আল্লামা মুফতি জসিম উদ্দিন, হেফাজতে ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব, জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা মুফতি ইকরাম হোসাইন অদুদীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণকালে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ঈমানি ও নৈতিক দায়িত্ব। হেফাজতে ইসলাম সব সময় অসহায় ও মজলুম মানুষের পাশে ছিল।
তিনি আরও বলেন, শুধু ত্রাণ সহায়তা দিয়েই দায়িত্ব শেষ নয়। বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও কাজ করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও দুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জানা যায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এবং আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাঁশখালীর তিনটি ইউনিয়নসহ পাশের পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ করা এলাকাগুলোর মধ্যে রয়েছে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা ও বাঁশখালা গ্রাম, সরল ইউনিয়নের ১, ২ ও ৫ নম্বর ওয়ার্ড, ভাদালিয়া ইউনিয়নের মিনজিতলা গ্রাম এবং পেকুয়া উপজেলার বিলাছুরা, নন্দীপাড়া ও মেহেরনামা গ্রাম।