চট্টগ্রামের ক্ষতিগ্রস্থ খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ

চট্টগ্রামের ক্ষতিগ্রস্থ খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ করেছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মাস অ্যাসোসিয়েশন। শুক্রবার দুপুরে জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার মজুপাড়া এলাকায় বিভাগীয় প্রাণিসম্পদ ও জেলা প্রাণিসম্পদ দপ্তর চট্টগ্রামের সহযোগিতায় ও আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে রয়েছে। গবাদিপশুর স্বাস্থ্যসেবা, টিকাদান এবং গোখাদ্য বিতরণের পাশাপাশি পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর,  চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মালিক মোহাম্মদ ওমর, সহ-সভাপতি আনোয়ার উল্লাহ পাভেল, নুরুল হুদা, যুগ্ম সম্পাদক কাউসার শাহ, আব্দুর রাজ্জাক রাজন ও আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মাস অ্যাসোসিয়েশনও বন্যা কবলিত ৪ উপজেলায় ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ করছেন। ক্ষতিগ্রস্ত খামারিদের দ্রæত ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মালিক মোহাম্মদ ওমর বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিরা গোখাদ্যের অভাবে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। এই দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য জরুরি ভিত্তিতে গোখাদ্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।