ড্রেনে নেমে নিখোঁজ পরিচ্ছন্নতাকর্মী, ২৫ ঘণ্টা পর মিলল মরদেহ
প্রতীকী ছবি
রাজধানীর পুরান ঢাকায় ড্রেন পরিষ্কার করতে গিয়ে মিলন শেখ (৩৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বেলা আড়াইটার দিকে ওই এলাকার ৩০ নম্বর ওয়ার্ডের নলগলার ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় নর্দমা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ হন তিনি।
মিলন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারগাঁও গ্রামের জহিরুল শেখের ছেলে। রাজধানীর শ্যামপুরের নতুন আলী বহর এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
কোতোয়ালি থানা-পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ওই এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন।
বেলা ১টার দিকে মিলন ম্যানহোলে নামেন। এর ঘণ্টাখানেক পর হঠাৎ রশি ছিঁড়ে তিনি নিচে পড়ে যান। সঙ্গে থাকা অন্য পরিচ্ছন্নতাকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজে অংশ নেন।
প্রায় ২৫ ঘণ্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন তারা।
কোতোয়ালি থানার উপপরিদর্শক এনামুল হক বলেন, ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করার পর সুরতহাল শেষ করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।